মোঃ সাইদুল ইসলাম:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সাভারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাভার থানা ও সাভার পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে সাভারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিশিষ্ট নেতা জন দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব। প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বৌদিরুজ্জামান বৌদির এবং সহ-সভাপতি ইব্রাহিম। এ ছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা, কাউন্দিয়া, বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপি এবং যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের শান্ত পরিবেশকে নষ্ট করতে নতুন করে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালাচ্ছে। যেকোনো মূল্যে তাদের এই অপতৎপরতা রুখে দিতে বিএনপি ও সাধারণ জনগণ রাজপথে প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দলীয় নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।