নেতানিয়াহুর জন্য চ্যালেঞ্জ আইজেনকোটের পক্ষে ৬৭ আইনপ্রণেতার সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছে আরব জয়েন্ট লিস্ট জোট। এর ফলে পার্লামেন্ট নেসেটে তাঁর পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আরব জয়েন্ট লিস্ট জোট জানিয়েছে, সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে আনুষ্ঠানিক পরামর্শের সময় তারা আইজেনকোটের পক্ষে সুপারিশ করবে। তিনি ইয়াশার পার্টির নেতা।

জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, গাদি আইজেনকোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটের অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে আলোচনার পর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। তবে সিদ্ধান্তটি সহজ ছিল না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১২০ আসনের নেসেটে জয়েন্ট লিস্টের ১১ জন আইনপ্রণেতার সমর্থন যুক্ত হলে আইজেনকোটের পক্ষে সমর্থন দাঁড়াবে ৬৭ জনে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে এ সংখ্যা বেশি।

জয়েন্ট লিস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তবে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবির নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে লড়াই, আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানি মোকাবিলা এবং তাঁদের রাজনৈতিক পছন্দের বৈধতা খর্ব করার প্রচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে এখনো প্রয়োজনীয় সদিচ্ছার প্রমাণ দিতে পারেনি বলে মন্তব্য করেছে জোটটি।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, ইহুদি বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন। এর আগে আটটি আসনের অধিকারী রা’আম পার্টিও আইজেনকোটকে সমর্থনের ঘোষণা দিয়েছিল।

তবে আইনপ্রণেতাদের এই সুপারিশের অর্থ এই নয় যে, আইজেনকোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোট নিশ্চিত করে ফেলেছেন। কার হাতে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এসব সুপারিশ বিবেচনায় নেবেন।

এদিকে, নতুন সরকার গঠনের প্রচেষ্টা সমন্বয় এবং নীতিগত দিকনির্দেশনা ও জোট চুক্তি নিয়ে আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছে বিরোধী দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *