বাংলাদেশ ম্যাচেও ফাঁকা গ্যালারি দর্শক উপস্থিতিতে ভাটা

স্পোর্টস ডেস্ক:

দেশের ফুটবলে নতুন উন্মাদনা সৃষ্টির প্রত্যাশা থাকলেও ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের আসরে বাংলাদেশের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহে দেখা গেছে ভাটা। রাজধানীর জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের খেলা চলাকালে গ্যালারির বড় একটি অংশ ফাঁকা ছিল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। দিনের প্রথম ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। এরপর দ্বিতীয় ম্যাচে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ ও ভুটান। তবে ম্যাচ শুরুর আধাঘণ্টা পেরিয়ে গেলেও গ্যালারির বড় অংশে দর্শক উপস্থিতি ছিল কম।

দর্শকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকিটের তুলনামূলক বেশি দাম এবং আয়োজকদের প্রচার-প্রচারণা ও ব্যবস্থাপনার ঘাটতি দর্শক উপস্থিতি কম হওয়ার অন্যতম কারণ। টুর্নামেন্টের সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা, যা নিয়ে আগে থেকেই সমালোচনা ছিল।

বাংলাদেশের খেলা দেখতে আসা সমর্থক মাইনুল আলম বলেন, ঘরের মাঠে সাফ আয়োজন হলেও সাধারণ মানুষের কাছে টুর্নামেন্টের খবর সেভাবে পৌঁছায়নি। দর্শকদের আগ্রহ তৈরি এবং মাঠে আনার জন্য আয়োজকদের তেমন উদ্যোগ চোখে পড়েনি। তবে দেশের মাটিতে টুর্নামেন্ট আয়োজন ও জাতীয় দলের খেলা নিয়ে তাঁর প্রত্যাশা রয়েছে।

পরিবারের সদস্য ও সন্তানদের নিয়ে খেলা দেখতে আসা বেসরকারি চাকরিজীবী হাসানুল ইমাম বলেন, টিকিটের বাড়তি দাম নিয়ে আলোচনা রয়েছে। এটি খেলার প্রতি মানুষের আগ্রহ তৈরিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। শিশুদের সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই তিনি তাঁদের নিয়ে মাঠে এসেছেন।

অন্যদিকে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকজন সহকর্মী দলবেঁধে খেলা দেখতে এসেছেন। তাঁদের কাছে টিকিটের দাম বা অন্য কোনো বিষয় বড় সমস্যা নয়। তাঁদের প্রত্যাশা, ভুটানের বিপক্ষে বাংলাদেশ জয় পাবে। তবে এই ম্যাচে হামজা দেওয়ান চৌধুরীর মতো তারকাকে না পাওয়ার আক্ষেপও রয়েছে তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *