সদরঘাটে ওসি একরাম উল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯

কামরুল ইসলাম:

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) ওসি মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদরঘাট থানার একটি মামলায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মো. রুবেল (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারাসহ বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ রয়েছে।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সদরঘাট থানার এসআই মো. ফারুক আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১২টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত শুভপুর, কদমতলী ও এসআরবি এলাকায় বিশেষ টহল ও অভিযান চালায়।

এ সময় সন্দেহজনকভাবে চলাফেরার অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়। তারা হলেন—মোহাম্মদ হোসেন টিটু (৩৩), বিজয় ধর (১৯), মো. ইমরান (৩৫), আব্দুর রহিম তানভীর (২১), মহিউদ্দিন বাদশা (৩০), মো. রনি (৩১) ও মো. খোকন হাওলাদার (৩৪)।

পুলিশ জানায়, আটকদের জিজ্ঞাসাবাদে তাদের অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধের প্রমাণ পাওয়ায় ১০৩ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই শাহ আলম, এসআই মো. ফারুক আহমদ, এএসআই মো. ইসমাইল হোসেনসহ পুলিশের বিভিন্ন সদস্য অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *