বিনোদন ডেস্ক:
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি টেলিভিশন উপস্থাপক অ্যান্ডি কোহেনের অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন। এ সময় সহশিল্পীদের সঙ্গে পর্দায় চুমুর অভিজ্ঞতা, নিজের শারীরিক পরিবর্তন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমার শুটিংয়ের স্মৃতিচিহ্ন নিয়ে কথা বলেন তিনি।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচারিত ওই অনুষ্ঠানে জেনিফারের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার অভিনেতা জশ হাচারসন।
অনুষ্ঠানে জেনিফারকে কয়েকজন সহশিল্পীর সঙ্গে পর্দায় চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপের ক্রমানুসারে সাজাতে বলা হয়। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।
জেনিফারের পছন্দের তালিকায় প্রথম স্থানে ছিলেন জশ হাচারসন। দ্বিতীয় স্থানে লিয়াম হেমসওর্থ। তৃতীয় ও চতুর্থ স্থানে ছিলেন যথাক্রমে ব্র্যাডলি কুপার ও টিমোথি শ্যালামে। আর তালিকার সর্বশেষে ছিলেন ক্রিস প্র্যাট।
অনুষ্ঠানে নিজের স্তন প্রতিস্থাপন নিয়েও কথা বলেন জেনিফার। ‘রিয়েল হাউসওয়াইভস অব নিউইয়র্ক’ রিয়েলিটি শোর একটি ঘটনা নিয়ে আলোচনার সূত্র ধরে তিনি জানান, তার নিজেরও স্তন ইমপ্লান্ট রয়েছে। ইমপ্লান্টগুলো নতুন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
এ ছাড়া ‘দ্য হাঙ্গার গেমস’ সিনেমার শুটিং থেকে কোনো স্মারক নিজের কাছে রেখেছেন কি না, জানতে চান উপস্থাপক অ্যান্ডি কোহেন। জবাবে জেনিফার জানান, ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয়ের সময় ব্যবহৃত ধনুক-তির তিনি শুটিং সেট থেকে নিয়ে এসেছিলেন। তবে সেগুলো এখন আর খুঁজে পাচ্ছেন না। মজা করে অভিনেত্রী বলেন, হয়তো কেউ সেগুলো চুরি করেছে। তবে ঠিক কোথায় সেগুলো হারিয়েছে, তা তার জানা নেই।
২০১২ সালে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের প্রথম সিনেমা মুক্তির পর ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান জেনিফার লরেন্স। সিরিজটির জনপ্রিয়তায় তার অভিনয়ের পাশাপাশি ধনুক-তির হাতে লড়াইয়ের দৃশ্যগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।