অনলাইন ডেস্ক:
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদমাধ্যম এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশ নিয়ে মিথ্যা, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ করেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তার মতে, এসব অপতথ্য প্রচারের বিষয়টি এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আগামী দুই থেকে তিন মাস এ ধরনের ভুয়া সংবাদ শনাক্ত করে খণ্ডন করা জরুরি।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাজনূভা জাবীন বলেন, ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন মাধ্যমে গত কয়েক দিনে বাংলাদেশ নিয়ে ব্যাপক হারে ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আগে থেকেই এ ধরনের প্রচার থাকলেও এখন তা মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
এসব তথ্যের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা নিয়ে এখন হাসি-ঠাট্টা করে এসব মিথ্যা নিউজকে হালকাভাবে নেওয়ার সুযোগ আছে, কারণ অনেক সাধারণ মানুষ এসব বিশ্বাস করছে। রাজনৈতিক সচেতন মানুষের কাছে হয়তো বিষয়গুলো হাস্যকর লাগছে, সার্কাস মনে হচ্ছে বা পাত্তা দিচ্ছে না; কিন্তু পিপল পার্সপেক্টিভ মাথায় রাখতে হবে।’
আগামী তিন মাস এসব ভুয়া ও অসত্য সংবাদ খণ্ডনে সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাজনূভা জাবীন বলেন, অন্তত আগামী তিন মাস এসব ভুয়া ও অসত্য সংবাদ খণ্ডনের উদ্যোগ সরকারিভাবে নেওয়া উচিত। তার অভিযোগ, পতিত ফ্যাসিস্ট এবং তাদের আশ্রয়দাতাদের অন্যতম অস্ত্র হচ্ছে মিথ্যা সংবাদ ও অপপ্রচার। ডিসেম্বরকে কেন্দ্র করে এ ধরনের প্রচার আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে সরকারের কোন বিভাগ দায়িত্ব নেবে, তা নিয়ে নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের প্রস্তাব দেন তাজনূভা জাবীন। তার মতে, ভারত থেকে বাংলাদেশ নিয়ে প্রচারিত অসত্য তথ্য গুরুত্বের সঙ্গে খণ্ডন করে প্রকৃত সত্য তুলে ধরা প্রয়োজন।
দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অল্টারনেটিভসের এই সংগঠক। তিনি বলেন, ভারত ও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত ভুল তথ্য খণ্ডন করে দেশের গণমাধ্যমের পক্ষ থেকে পাল্টা সংবাদ প্রকাশের উদ্যোগও চোখে পড়ছে না।
পোস্টের শেষাংশে বিষয়টির গুরুত্ব তুলে ধরে তাজনূভা জাবীন বলেন, ‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে।’