২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মী নিয়োগ কমাতে চায় মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে নতুন পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া সরকার। ২০৩০ সালের মধ্যে দেশটিতে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী বিদেশি কর্মীর অনুপাত ১৩ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশি কর্মীদের অপরাধের ইতিহাস যাচাই এবং নিয়োগের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপের উদ্যোগও নেওয়া হচ্ছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুক খায়রুল ফিরদৌস আকবার খান দেশটির সংসদের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াতে প্রশ্নোত্তর পর্বে সরকারের এসব পরিকল্পনার কথা জানান।

উপমন্ত্রী বলেন, বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশের আগে তাঁদের অতীত অপরাধের তথ্য যাচাই করা হয়। এ কাজে জাতীয় পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বিত ব্যবস্থা রয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে সরকার অবগত। মালয়েশিয়ায় কাজ করতে আসা বিদেশি কর্মীদের পাশাপাশি তাঁদের নিয়োগকর্তাদেরও দেশটির আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। এ ধরনের ঘটনা কমাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার।

সংসদে এক প্রশ্নের জবাবে উপমন্ত্রী জানান, ২০২৬ সালে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী (পিএলকেএস) বিদেশি কর্মীর অনুপাত ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে তা ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

এ লক্ষ্যে ১৩তম মালয়েশিয়া পরিকল্পনার (১৩এমপি) আওতায় বিদেশি কর্মী নিয়োগের সর্বোচ্চ সীমাও কমানোর পরিকল্পনা করা হয়েছে। ২০২৬ সালে ২২ লাখ ৪৮ হাজার বিদেশি কর্মী নিয়োগের যে সীমা রয়েছে, ২০৩০ সালে তা কমিয়ে ১৭ লাখ ৮৮ হাজারে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

উপমন্ত্রী জানান, গত বছরের ১৫ অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বিভাগের তথ্যভান্ডার মাইআইএমএমএসে পিএলকেএসধারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২০ লাখ ৮২ হাজার। অন্যদিকে, ২০২৬ সালের নির্ধারিত নিয়োগসীমার মধ্যে তখনো ২ লাখ ৪১ হাজার ১৭৮ জন বিদেশি কর্মী নিয়োগের সুযোগ অবশিষ্ট ছিল।

তিনি আরও জানান, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাতের জন্য আলাদা শতকরা হার নির্ধারণের পদ্ধতি বাতিল করেছে সরকার। এখন থেকে ১৩তম মালয়েশিয়া পরিকল্পনায় নির্ধারিত বার্ষিক নিয়োগসীমা অনুসরণ করে কর্মী নিয়োগ দেওয়া হবে।

বিদেশি কর্মী নিয়োগে কঠোর শর্ত

স্থানীয় কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রেও নতুন শর্ত কার্যকর করা হয়েছে। উপমন্ত্রী জানান, বিদেশি কর্মী নিয়োগের আবেদন করার আগে নিয়োগকর্তাদের সরকারি চাকরির পোর্টাল ‘মাইফিউচারজবসে’ অন্তত ১৪ কর্মদিবসের জন্য শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

পাশাপাশি ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ৬০কে ধারার আওতায় আগাম অনুমোদন নিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই বিদেশি কর্মী নিয়োগের কোটা চাওয়া যাবে।

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে জোর

বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে উৎপাদন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে মালয়েশিয়া সরকার। এ জন্য স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও আধুনিক উৎপাদনব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি স্থানীয় কর্মীদের দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। মানবসম্পদ উন্নয়ন করপোরেশন, সামাজিক নিরাপত্তা সংস্থা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কর্মীদের নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় কর্মীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি উৎপাদন খাতে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদেশি কর্মীর অনুপাত কমিয়ে দেশটির শ্রমবাজারে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বাড়াতে চায় মালয়েশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *