আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম তীরের ইসরায়েলি ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ১২টি দেশ। যুক্তরাজ্যের পর একই ধরনের নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইডেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও ফিনল্যান্ড।
ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা ও সহিংসতার প্রতিবাদে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশগুলো।
যুক্তরাজ্য সম্প্রতি পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞা ঘোষণা করে। মঙ্গলবার থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। একই দিনে আরও ১১টি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে অনুরূপ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।
১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, দ্বি-রাষ্ট্র সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। কিন্তু ইসরায়েলি সরকার নিয়মিতভাবে এই সমাধানকে পাশ কাটানোর চেষ্টা করছে। একই সঙ্গে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের গতি বৃদ্ধি এবং বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
সম্প্রতি কয়েক দশক ধরে স্থগিত থাকা ই-ওয়ান (E1) বসতি নির্মাণ পরিকল্পনা পুনরায় সক্রিয় করেছে ইসরায়েল। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সেখানে প্রায় ১ হাজার ২০০টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের সুযোগ তৈরি হবে।
ইসরায়েলের ই-ওয়ান প্রকল্প পুনরুজ্জীবিত করার সিদ্ধান্তের পরই পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে বাণিজ্যিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং তাদের কর্মকাণ্ডের বিষয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে এসব বসতি থেকে পণ্য আমদানি বা তাদের বাণিজ্যিক সুবিধা দেওয়ার বিষয়টি যুক্তরাজ্যের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
এদিকে স্পেন ও আয়ারল্যান্ড ইতোমধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ফ্রান্সও নিজস্বভাবে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকে একই ধরনের পদক্ষেপ নিতে উৎসাহিত করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।