আন্তর্জাতিক ডেস্ক:
পাঁচ দিনের যাত্রাবিরতি শেষে থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়া ছেড়ে গেছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে পাতায়া থেকে প্রায় আধা ঘণ্টা দূরের লেম চাবাং বন্দর থেকে রণতরীটি যাত্রা শুরু করে। তবে এরপর এটি কোথায় যাচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।এএফপির সাংবাদিকরা জানান, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর বিশ্রাম ও বিনোদনের জন্য গত বুধবার প্রায় পাঁচ হাজার সদস্যের দল নিয়ে পাতায়ার উত্তরে নোঙর করে রণতরীটি। থাইল্যান্ডে পর্যটনের অফ-সিজনে মার্কিন নাবিকদের এ সফর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার করে।সফরকে কেন্দ্র করে পাতায়ায় নিরাপত্তা জোরদার করা হয়। নাবিকদের আগমনের আগে যৌনকর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় স্থানীয় কর্তৃপক্ষ। তবে শহরের মেয়র পোরামাস এনগাম্পিচেস নাবিকদের সফরের সঙ্গে এ পদক্ষেপের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।স্থানীয় পুলিশ জানায়, সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও সফরটি বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। পাতায়ার পুলিশ প্রধান আনেক স্রাথংইউ বলেন, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রথম দিন দুই মার্কিন নাবিকের মধ্যে একটি তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। পরে ওয়াকিং স্ট্রিট এলাকায় মদ্যপ অবস্থায় ঝগড়ায় জড়ানোর পর তাদের রণতরীতে ফিরিয়ে পাঠানো হয়।পাতায়ার মেয়রের দাবি, সফরকালে মার্কিন নাবিকরা শহরে প্রায় ১০ কোটি বাথ (প্রায় ৩০ লাখ মার্কিন ডলার) ব্যয় করেছেন। পাশাপাশি টুথপেস্ট ও সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও রণতরীতে বিক্রি করা হয়েছে। এসব পণ্য বিক্রি করে শহরটি কয়েক মিলিয়ন বাথ আয় করেছে বলে জানান তিনি।এর আগে রণতরীটির মোতায়েনকালীন সময়ে খাদ্যসংকট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার খবর প্রকাশিত হয়। এসব বিষয় নিয়ে মার্কিন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা তদন্তের দাবি জানিয়েছিলেন। পরে মধ্যপ্রাচ্যে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর স্থলাভিষিক্ত হয় ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’।