পানিবন্দি মানুষের চলাচলে মাতামুহুরীতে নৌকা বিতরণ

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

চারদিকে পানি, ঘরবাড়ি পানিবন্দি। স্বাভাবিক চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিনের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পানিবন্দি মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান রিলিফ অর্গানাইজেশন (আইএইচএইচএনএল)।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পরামর্শে কক্সবাজারের মাতামুহুরী এলাকায় পানিবন্দি মানুষের চলাচলের সুবিধার্থে ‘ফিশিং বোট প্রকল্প’-এর আওতায় নৌকা বিতরণ করেছে সংস্থাটি। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন ছফওয়ানুল করিম।

বিতরণ করা নৌকাগুলো পানিবন্দি মানুষের কাছে শুধু চলাচলের বাহন নয়, বরং দুর্ভোগের সময়ে প্রয়োজনীয় সহায়তার মাধ্যম হিসেবে কাজ করবে। দৈনন্দিন প্রয়োজন মেটানো, জরুরি কাজে যাতায়াত এবং বিপদের মুহূর্তে নিরাপদে চলাচলে এসব নৌকা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এ উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। পানিবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা মানুষ এ মানবিক সহায়তাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।

আইএইচএইচএনএল প্রতিনিধিরা জানান, বিপদে থাকা মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মানবিক কার্যক্রমের মূল লক্ষ্য। মানুষের কষ্টের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানুষের দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগে স্থানীয়দের প্রত্যাশা, পানিবন্দি জীবনের দুর্ভোগ কমিয়ে স্বাভাবিক জীবনে ফেরার পথ কিছুটা হলেও সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *