খাগড়াছড়ি প্রতিনিধি :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে দীঘিনালা উপজেলা ও সাজেক পর্যটন এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে কয়েক হাজার গ্রাহক, পর্যটক ও ব্যবসায়ী চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমারের আশপাশে দ্রুত পানি জমতে শুরু করে। পানি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি আল আমিন জানান, বুধবার সকাল ১০টা থেকে পুরো এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি কিছুটা কমলেও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানি এখনও বাড়ছে।
দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী বলেন, পাহাড়ি ঢলের পানি উপকেন্দ্রের ট্রান্সফরমারের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। ফলে দীঘিনালা উপজেলা ও সাজেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে উপকেন্দ্র পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
এদিকে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাজেকে অবস্থানরত পর্যটক, হোটেল-রিসোর্ট মালিক ও ব্যবসায়ীরাও দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় যোগাযোগ, খাবার সংরক্ষণ এবং দৈনন্দিন বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটছে।