পুরুত্যাখালীতে ৭০০ শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চকরিয়া প্রতিনিধি:

প্রয়াত নুরুল হোছাইন মাঝির স্মৃতিকে স্মরণীয় করে রাখতে কক্সবাজারের চকরিয়ার পুরুত্যাখালীতে প্রায় ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পুরুত্যাখালী ছাত্র উন্নয়ন ফোরামের উদ্যোগে ‘মরহুম নুরুল হোছাইন মাঝি স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যেও এ আয়োজন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।

২০২৩ সালে যাত্রা শুরু করে পুরুত্যাখালী ছাত্র উন্নয়ন ফোরাম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে কাজ করে আসছে। মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং নতুন প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের স্বপ্ন দেখাতে ধারাবাহিকভাবে নানা উদ্যোগ নিচ্ছে সংগঠনটি। ২০২৩ সালে শুরু হওয়া এ উদ্যোগ ২০২৬ সালে প্রায় ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে নতুন মাত্রা পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনাখালী ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার কমর উদ্দিন আহমদ, সেক্রেটারি মো. মোখতার আহমদ, বিএনপির কোনাখালী ইউনিয়ন শাখার সদস্যসচিব মোহাম্মদ ইউনুছ এবং পুরুত্যাখালী ছাত্র উন্নয়ন ফোরামের উপদেষ্টা মাস্টার জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংগঠনটির সভাপতি আবদুর রহমান ও সদস্যসচিব নুর মোহাম্মদ ছোটনের নেতৃত্বে এ আয়োজন বাস্তবায়িত হচ্ছে।

আয়োজকদের এ উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো, স্বপ্ন দেখানো এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা। মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ দেশ গড়ার দায়িত্বশীল মানুষ তৈরি হওয়ার প্রত্যাশা রয়েছে।

মরহুম নুরুল হোছাইন মাঝির স্মৃতিকে ঘিরে শুরু হওয়া এ উদ্যোগ অতীতকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার একটি প্রয়াস। একজন মানুষের স্মৃতিকে কেন্দ্র করে শত শত শিক্ষার্থীর মধ্যে নতুন স্বপ্ন ও শিক্ষার আগ্রহ ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *