মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
ইতিহাসের স্মরণ, জাতীয় ঐক্যের প্রত্যয় ও দেশপ্রেমের চেতনায় কক্সবাজারের চকরিয়ায় আমজাদিয়া রফিকুল উলুম কামিল (মাস্টার্স) মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিবস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতির চেতনাকে নতুন করে উপলব্ধি করার সুযোগ সৃষ্টি করে। ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
মাদ্রাসার অধ্যক্ষ ড. এনামুল হকের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ নুরী, সহকারী অধ্যাপক প্রফেসর মাহমুদুল হক ও সহকারী অধ্যাপক মাওলানা মীর কাশেম।
অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল লতিফ। এ সময় সহকারী শিক্ষক এহসানুল হক, মারজানুল জান্নাত, এজাজ আলী রাশেদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।