মোঃ মোশারফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন ৩ নম্বর ঘাগড়া ইউনিয়নের রাঙ্গা মাটিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে থানায় দায়ের হওয়া একটি অভিযোগ স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে। এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে অনুষ্ঠিত গ্রাম্য সালিশ বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে এই মীমাংসা সম্পন্ন হয়।
জানা যায়, রাঙ্গা মাটিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ উসমানের সঙ্গে একই গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১৪ মে ২০২৫ ইং, বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে হাবিবুর রহমান জমিতে যেতে চাইলে উসমান এতে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় উভয় পক্ষের নারীসহ মোট তিনজন আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পরিপ্রেক্ষিতে হাবিবুর রহমান বাদী হয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে মোঃ উসমানসহ তিনজনকে আসামি করা হয়। পরে থানার এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে গ্রাম ও এলাকাবাসীর উদ্যোগে একটি গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনার পর পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধের মীমাংসা করা হয়।
সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ হুমায়ুন কবির ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, কাপাসিয়া বাজারের সাবেক সভাপতি মোঃ ইসলাম উদ্দিন, জামায়াতের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হুজুর, ইউপি সদস্য মোঃ ইসহাক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উভয় পক্ষ ও এলাকাবাসী বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করে স্থানীয় প্রশাসনের নিকট এ বিষয়ে আর কোনো আইনগত পদক্ষেপ না নেওয়ার জন্য সদৃষ্টি কামনা করেছেন।