কক্সবাজার স্টাফ রিপোর্টার:
কক্সবাজারে প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে “হেল্প ডিজঅ্যাবিলিটি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (ডিএলডিসি) প্ল্যাটফর্ম, কক্সবাজার”। সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবী ভিত্তিতে পরিচালিত এ সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী মানুষের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে সংগঠনটির আওতায় প্রায় ২০০ জন দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী সদস্য যুক্ত রয়েছেন। এদের অধিকাংশই আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল এবং সমাজের নানা বৈষম্য ও প্রতিবন্ধকতার মধ্যে জীবনযাপন করছেন। ডিএলডিসি প্ল্যাটফর্ম এসব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
সংগঠনটির নিজস্ব কোনো সরকারি বরাদ্দ বা স্থায়ী অর্থায়ন না থাকলেও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সংস্থার সহযোগিতায় মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সীমিত সামর্থ্যের মধ্যেও সংগঠনটি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন, প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ডিএলডিসি প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এজন্য সমাজের বিত্তবান ব্যক্তি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং দাতা সংস্থার সহযোগিতা কামনা করেছেন তারা।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। ভবিষ্যতেও ডিএলডিসি প্ল্যাটফর্ম কক্সবাজারের প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাবে।