প্রধান উপদেষ্টার ভাষণের পর জামায়াতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া

স্বাধীন সংবাদ ডেস্ক:

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পরপরই তার ঘোষণার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা মনে করছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক সংকটের সমাধান প্রতিফলিত হয়নি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় ও গণদাবি ছিল, প্রধান উপদেষ্টা সেটি উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছেন। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই—এই ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি; বরং এতে নতুন সংকটের জন্ম দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছি, সংকট নিরসনের জন্য গণভোট জাতীয় নির্বাচনের আগে করা জরুরি। তাহলে এর আইনি ভিত্তি দৃঢ় হবে এবং ভবিষ্যতে আদালতে এ বিষয়ে প্রশ্ন উঠবে না। কিন্তু প্রধান উপদেষ্টা একই দিনে ভোট আয়োজনের ঘোষণা দিয়ে সেই আশঙ্কা থেকেই গেলেন। এতে নির্বাচনী প্রক্রিয়া আরও জটিল হতে পারে।’

মিয়া গোলাম পরওয়ারের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল জনগণের মতামত ও রাজনৈতিক দলের পরামর্শ বিবেচনা করে সময়সূচি ঘোষণা করা। কিন্তু তা না করে সরকারের পক্ষ থেকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, যা মাঠপর্যায়ে বিভ্রান্তি তৈরি করবে। তিনি বলেন, ‘জনগণ চায় একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া। আমরা চাই গণভোট হোক, তবে সেটি হোক আগে, যাতে তার ভিত্তিতে নির্বাচন আয়োজন সম্ভব হয়।’

অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এতে কোনোভাবেই সংস্কারের লক্ষ্য ব্যাহত হবে না, বরং নির্বাচন হবে আরও উৎসবমুখর ও সাশ্রয়ী।’ তিনি আরও জানান, ‘গণভোটের আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন যথাসময়ে প্রণয়ন করা হবে।’

প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, একই দিনে দুইটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *