প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেলেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’

নিজস্ব প্রতিবেদক:

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়েছেন রাজা ওরফে বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’। রাজধানীর মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পুলিশের কাছে পরিচিত এই আসামি গাজীপুরের নাওজোর হাইওয়ে থানা এলাকার কাছে প্রিজন ভ্যান থেকে নেমে পালিয়ে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। কারা ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, পিচ্চি রাজাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল। হাজিরা শেষে তাকে আবার কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যানটি নাওজোর হাইওয়ে থানা এলাকার কাছাকাছি পৌঁছালে তিনি শৌচাগারে যাওয়ার কথা জানান।

পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে শৌচাগারে নিয়ে গেলে সেখান থেকে তিনি পালিয়ে যান বলে জানা গেছে। ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। একই সঙ্গে কীভাবে তিনি নিরাপত্তার মধ্য থেকে পালিয়ে গেলেন এবং এ ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

কারা অধিদপ্তরের জেলার মাসুদ হাসান জুয়েল জানান, গাজীপুর থেকে পিচ্চি রাজাকে ঢাকার আদালতে হাজিরা দিতে আনা হয়েছিল। হাজিরা শেষে ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার কাছে টয়লেটে যাওয়ার কথা বললে তাকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়। এরপর সেখান থেকেই তিনি পালিয়ে যান।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হোসেন জানান, প্রিজন ভ্যানে থাকা আসামিদের মধ্যে পিচ্চি রাজা পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি কীভাবে তিনি পালিয়ে গেলেন এবং এ ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ মে নেপাল থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অন্তত ২৫টি মামলার তথ্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের তথ্য জানিয়েছিল পুলিশ। পুলিশ বলছে, পিচ্চি রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক একটি মাদকচক্রের সঙ্গে জড়িত।

পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *