ফটিকছড়ির এমপি সরওয়ার আলমগীরের মা খতিজা নূরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীরের মা জনাবা খতিজা নূর আর নেই। শনিবার (৮ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে খতিজা নূর গত কয়েকদিন ধরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফটিকছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খতিজা নূরের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছে ফটিকছড়ি প্রেস ক্লাব, ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেস ক্লাব, ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া দৈনিক স্বাধীন সংবাদ পরিবারের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। পত্রিকাটির পক্ষ থেকে সাংবাদিক মোহাম্মদ ইউনুছ, সাংবাদিক মো. জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া সমাজকল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি নাছির উদ্দিন বিপ্লবও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া যুবদল নেতা বাবুল, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, শাকিল চৌধুরী রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক জানিয়েছেন।

শোকবার্তায় তারা মরহুমা খতিজা নূরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, একজন মায়ের মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তারা।

খতিজা নূরের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে পরবর্তী সময়ে জানানো হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *