মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ আইনপুর ফকির রোড সংলগ্ন খাল খনন কাজের উদ্বোধন করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তিনি খাল খনন কাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ফতুল্লার এই অঞ্চলে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বৃষ্টির মৌসুমে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করে। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে খাল খনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো পুনরায় সচল হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকে মানুষের মৌলিক সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্ট দিকনির্দেশনা অনুযায়ী এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জলাবদ্ধতা নিরসনে বড় আকারের প্রকল্পের পাশাপাশি ছোট ছোট কার্যক্রমের মাধ্যমেও জনসাধারণের উপকার নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে সবাইকে একসাথে কাজ করতে হবে। একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ চৌধুরী, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়ক ও বসতবাড়িতে পানি জমে যায়। খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে তারা উপকৃত হবেন এবং জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তারা।