ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে ফতুল্লা মডেল থানাধীন শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফতুল্লা থানাধীন চাষাড়া-সাইনবোর্ড প্রধান সড়কের পূর্ব পাশে শান্তিধারা ২ নম্বর রোডের একটি মসজিদের পাশে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে অবস্থান করছেন।

পুলিশের দাবি, তারা জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিলেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ফতুল্লা থানা ও হাজীগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা নয়জনকে আটক করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাব্বি (২০), ইয়াছিন আরাফাত (২০), শিমুল (২০), মো. পলক (১৮), আবরার আহম্মেদ (১৮), ফেরদাউছ (১৮), তানভির হোসেন (১৮), নয়ন (১৯) ও আবু বক্কর (১৮)। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের সঙ্গে থাকা আরও কয়েকজনের নাম-পরিচয় প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও দাবি করেছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে এ কে এম অয়ন ওসমানের প্ররোচনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মকাণ্ডের প্রচার-প্রচারণা ও পরিচালনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এদিকে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *