মোহাম্মদ হোসেন হ্যাপী:
ফতুল্লা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান-এর নির্দেশনায় এসআই (নিঃ) আশীষ কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ ১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন চাষাড়া-টু-সাইনবোর্ড রোড মহাসড়কের পশ্চিম পাশে মফিজুল ইসলাম নামের এক ব্যক্তির মোটরসাইকেল গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬৮ পুরিয়া গাঁজা, যার মোট ওজন আনুমানিক ৫০০ (পাঁচশত) গ্রাম, উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার পরিচয় প্রদান করে জানায়, তার নাম মোঃ হৃদয় (২৫)। পিতা—ওমর হোসেন, মাতা—পারুল বেগম। স্থায়ী ঠিকানা—প্যাচাইন, কালাম মিয়ার বাড়ি, থানা—সোনারগাঁও, জেলা—নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা—ইসলামবাগ, মাইছপাড়া (নাতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি নিজ হেফাজতে অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অভিযোগে অভিযুক্ত। উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।