স্পোর্টস ডেস্ক:
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের ‘ফ্রান্সই ভয় পাবে’ মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই তার পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনার সতীর্থ ও ফ্রান্সের ডিফেন্ডার জুলস কুন্দে। তার মতে, ইয়ামালের মন্তব্যে অসম্মানের কিছু নেই; বরং এটি একজন আত্মবিশ্বাসী ফুটবলারের স্বাভাবিক প্রতিক্রিয়া।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ইয়ামালের একটি মন্তব্য।
সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ফ্রান্সের নাম নিশ্চিত হওয়ার পর ইয়ামাল বলেছিলেন, “যদি ফ্রান্সের কাউকে ভয় পাওয়ার থাকে, তবে সেটা আমরাই। কারণ আমরা আগেও তাদের বিদায় করেছি এবং দুইবার হারিয়েছি।”
এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন, “আমি অবাক হইনি, কারণ আমি আপনাদের চিনি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি, না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। শেষ পর্যন্ত এটা তো ফুটবল।”
এদিকে, বার্সেলোনায় ইয়ামালের সতীর্থ ও ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে তার মন্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন।
কুন্দে বলেন, “আমি কখনোই মনে করিনি এখানে অসম্মানের কিছু আছে। আমি লামিনেকে খুব ভালোভাবে চিনি। আমার কাছে এটি তার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। বার্সেলোনায়ও ম্যাচের আগে আমরা এমন আত্মবিশ্বাসী মানসিকতাই দেখি। আমি মনে করি, সে শুধু নিজেকে ও দলকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে।”
ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে ফ্রান্স এক নম্বরে এবং স্পেন তিন নম্বরে অবস্থান করছে। দুই দলের সর্বশেষ লড়াই হয়েছিল ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে, যেখানে ইয়ামাল ও দানি অলমোর গোলে ২-১ ব্যবধানে জয় পায় স্পেন।
ইয়ামালকে ঠেকাতে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ফরাসি মিডফিল্ডার আন্দ্রে র্যাবিওট বলেন, “ইয়ামালের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা পুরো স্প্যানিশ দলকেই গুরুত্ব দিচ্ছি। তারা প্রতিটি বিভাগেই ভয়ঙ্কর—শুধু ইয়ামাল নয়, তাদের আক্রমণভাগ, বল দখল ও ছোট জায়গায় পাসিংও অসাধারণ।”
অন্যদিকে, ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপের নেতৃত্বে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্সের আক্রমণভাগ। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচে দলটি ১৬টি গোল করেছে, যার ৮টিই এমবাপের।
তবুও স্পেনের খেলার ধরন নিয়ে সতর্ক কুন্দে। তিনি বলেন, “দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে এবং বলের নিয়ন্ত্রণ রাখতে পছন্দ করে। স্পেন দীর্ঘ সময় বল নিজেদের দখলে রেখে সুযোগ তৈরি করে। আমাদেরও একইভাবে খেলতে হবে। স্পেনের বিপক্ষে ৯০ মিনিট বলের দখল ছেড়ে দিলে চলবে না।”
উল্লেখ্য, ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবস (বাস্তিল দিবস)। ২০১৬ সালে এই দিন নিস শহরে সন্ত্রাসী হামলায় ৮৬ জন নিহত হন। তাই দিনটি স্মরণ করে কুন্দে বলেন, “এটি আমাদের জাতীয় দিবস হলেও সন্ত্রাসী হামলার কারণে দিনটি বেদনারও। আমরা নিহতদের পরিবারের কথা স্মরণ করছি। একই সঙ্গে মাঠে ভালো খেলে ফরাসি জনগণকে গর্বিত করতে চাই।”
সূত্র: এএইচএস