বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

মোহাম্মদ হোসেন সুমন:

টানা ৬ থেকে ৭ দিনের ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টৈটং ইউনিয়ন এবং পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

ত্রাণ কার্যক্রমে নেতৃত্ব দেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীর

ত্রাণ বিতরণের পাশাপাশি পুলিশ সুপার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং বন্যায় সৃষ্ট দুর্ভোগের কথা শোনেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, বন্যাকবলিত মানুষের কাছে প্রয়োজনীয় জরুরি সহায়তা পৌঁছে দিতে কক্সবাজার জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

কক্সবাজার জেলা পুলিশ জানায়, দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন পুলিশের অন্যতম অঙ্গীকার। সেই দায়িত্ববোধ থেকেই বন্যাদুর্গত মানুষের জন্য এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *