মোঃআনজার শাহ
কুমিল্লার বরুড়ায় যেন এক নতুন ভোরের সূচনা হলো। জাতপাত, মতভেদ কিংবা পথের ভিন্নতা ভুলে বরুড়ার উন্নয়নের প্রশ্নে এক কাতারে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ ঘটলো নতুন এক সামাজিক সংগঠন “বরুড়া ক্লাব”-এর। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল চারটায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো এ সংগঠনের, যা ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস ও প্রত্যাশা।
“আমাদের একতা, বরুড়ার সফলতা” এই অন্তর্নিহিত ভাবকে বুকে ধারণ করেই সংগঠনটির পথচলা শুরু হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের অধিকার ও ন্যায্যতার পক্ষে দৃঢ় কণ্ঠে কথা বলা এবং বরুড়ার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণকেই সংগঠনটি তার মূল লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে।
অনুষ্ঠানে বক্তারা এক সুরে বলেন, “ভিন্ন মত, ভিন্ন পথ তবে বরুড়ার উন্নয়নে আমরা সবাই একমত।” তাদের এই বক্তব্যে ফুটে ওঠে সংগঠনটির অসাম্প্রদায়িক ও অন্তর্ভুক্তিমূলক চেতনার প্রতিচ্ছবি, যেখানে মতপার্থক্য থাকলেও লক্ষ্য একটাই বরুড়ার সার্বিক কল্যাণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার এবং বরুড়া জনকল্যাণ সমিতি, ঢাকা-এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ। অতিথিরা সবাই নবগঠিত সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেন এবং সামাজিক উন্নয়নে এমন উদ্যোগ আরও বেশি প্রয়োজন বলে মত দেন।
স্থানীয়দের প্রত্যাশা, “বরুড়া ক্লাব” শুধু একটি সংগঠন নয়, বরং বরুড়ার মানুষের কল্যাণে এক নতুন প্রতিশ্রুতি। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায় থেকে শুরু করে এলাকার সার্বিক উন্নয়নে এই সংগঠন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সে বিষয়ে আশাবাদী উপস্থিত সবাই। একতাই যে শক্তি আর সেই শক্তিই যে বরুড়ার সফলতার চাবিকাঠি এই বার্তা নিয়েই এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করে শেষ হয় আত্মপ্রকাশ অনুষ্ঠান।