আবু ইউছুফ রাবেত: মাদকের ভয়াবহ আগ্রাসন রুখতে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করতে কুমিল্লার বরুড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে বরুড়া উপজেলার ৮ নম্বর শাকপুর ইউনিয়নের শাকপুর পুরান বাজারে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। পরে শাকপুর পুরান বাজারে আয়োজিত সমাবেশে মাদকের ভয়াবহ পরিণতি, মাদক ব্যবসার সামাজিক ক্ষতি এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একটি পরিবারকে ধ্বংস করে না, এটি সমাজের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকেও বিপর্যস্ত করে। মাদকাসক্তির কারণে অপরাধপ্রবণতা, পারিবারিক অশান্তি, কিশোর-তরুণদের বিপথগামিতা ও সামাজিক অবক্ষয় বাড়ছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদেরও ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই সামাজিক প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক কারবারের সঙ্গে জড়িতদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে এবং মাদকবিরোধী অভিযানে জনগণকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে উপস্থিতরা মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা এবং বরুড়াকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও জনগণের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমেই মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
‘মাদক নয়, সুস্থ সমাজ’—এই প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।