মোঃআনজার শাহ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বরুড়ার কৃতী সন্তান মো. মোরতাজুল করিম খন্দকার বাদরু। নিয়োগের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন জারি:
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ অধিশাখা থেকে গত ২৫ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ অতুল মণ্ডল স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫.২(i) ও ৮.৩(i) অনুচ্ছেদ মোতাবেক খন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু)-কে বিএনএফ-এর সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস:
কুমিল্লার বরুড়ার এই কৃতী সন্তান দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ পাওয়ায় স্থানীয় পর্যায়ে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম আরও কার্যকরভাবে সমন্বিত হবে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সম্পর্কে:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দেশের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে থাকে। এমন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্বে বরুড়ার মোরতাজুল করিম বাদরুর নিয়োগকে এলাকাবাসী গৌরবের বিষয় হিসেবে দেখছেন।