চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
শুক্রবার (৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।”
এর আগে তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্পৃক্ততা নিয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়।”
তিনি আরও বলেন, “তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান ইতোমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যুতে আমাদের সামগ্রিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ধরনের পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ বিবেচনায় রাখা হবে।”
গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।
ভারত দীর্ঘদিন ধরে এ প্রকল্পকে নিজেদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয় হিসেবে বিবেচনা করে আসছে। তবে চীনা কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতামূলক সম্পর্ক কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়।
সূত্র: এএনআই