নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ব্যবসা ও সেবা কার্যক্রম আরও সম্প্রসারণের জন্য গুগলকে স্থানীয় অফিস স্থাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)।রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে গুগলের দক্ষিণ এশিয়া অঞ্চলের পলিসি প্রধান কাইল গার্ডনারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।বৈঠকে বাংলাদেশে গুগলের বিভিন্ন সেবা সম্প্রসারণ, স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালু, অবকাঠামো উন্নয়ন এবং বিটিআরসির সঙ্গে প্রতিষ্ঠানটির নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।এ সময় বাংলাদেশে গুগলের এআই মডেলের ল্যাব স্থাপন এবং স্থানীয় প্রকৌশলীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি দেশীয় স্টার্টআপ উদ্যোক্তাদের উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং এ খাতে বিনিয়োগকারীদের উৎসাহিত করতে গুগলের পক্ষ থেকে বিশেষ কোনো সেবা চালুর সম্ভাবনা নিয়েও জানতে চাওয়া হয়।জবাবে কাইল গার্ডনার এসব বিষয়ে গুগলের আগ্রহের কথা জানান এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার আশ্বাস দেন। তবে বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপনে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন গুগলের এই প্রতিনিধি।বৈঠকে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বিটিআরসি। পাশাপাশি বাংলাদেশে স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর প্রয়োজনীয়তার কথাও গুগল প্রতিনিধিকে জানানো হয়।গুগলের প্ল্যাটফর্ম ব্যবহার করে বেটিং, জুয়া বা অবৈধ আর্থিক কার্যক্রমের প্রচারণা যাতে চালানো না যায়, সে বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। এ ধরনের কনটেন্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণের জন্য কার্যকর প্রযুক্তি চালুর ওপরও গুরুত্ব দেন তিনি।এ ছাড়া গুগলের সঙ্গে সরকারের সহযোগিতার পরিধি বাড়াতে বিটিআরসির পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, বিভাগ ও মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যকর সহযোগিতা ও অংশীদারত্ব গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।বিটিআরসি চেয়ারম্যানের এসব প্রস্তাবকে স্বাগত জানান কাইল গার্ডনার। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিটিআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।বৈঠকে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল মো. কামরুল হাসান মামুন এবং একই বিভাগের উপপরিচালক এস এম তাইফুর রহমান উপস্থিত ছিলেন।