জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রামের বাসিন্দা মোক্তার হোসেন ও মোমেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বর্তমানে গ্রামটিতে মোমেন গ্রুপের আধিপত্য রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোমেন গ্রুপের লোকজনকে গ্রাম থেকে বিতাড়িত করে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভোররাতে মোক্তার গ্রুপের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলা থেকে লোকজন নিয়ে আসা হয় বলে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে জুয়েল মিয়া গুরুতর আহত হন। পরে তিনি নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোক্তার গ্রুপের লোকজন মোমেন গ্রুপের লোকজনকে গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। নিহত জুয়েল মিয়া মোক্তার গ্রুপের হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।