বানিয়াচংয়ে বৃষ্টিতে ধানী জমি তলিয়ে গেছে, সরকারের সহায়তা চায় কৃষকেরা

পরিতোষ দেব মোহন:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আকস্মিক ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে পাকা ধানী জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন ভাগের মতো ধানী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, দীর্ঘ পরিশ্রম ও খরচ করে তারা ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে পানি জমে পুরো ক্ষেত তলিয়ে যায়। ফলে অনেকের পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেউ কেউ দ্রুত ধান কাটার চেষ্টা করলেও অতিরিক্ত পানির কারণে তা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, এ মৌসুমে ধানের উপরই তাদের জীবিকা নির্ভরশীল ছিল। কিন্তু এই আকস্মিক ক্ষতির ফলে তারা চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেক কৃষক এখন ঋণের বোঝা ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় আছেন।

স্থানীয়রা বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। তারা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি খাতে অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কৃষকেরা দ্রুত ক্ষতিগ্রস্ত ফসলের তালিকা তৈরি করে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন। তারা বলেন, সরকারিভাবে জরুরি ভিত্তিতে ক্ষতিপূরণ বা সহায়তা না পেলে অনেক কৃষক চরম সংকটে পড়বেন।

কৃষকেরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দ্রুত জরুরি সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা হলে ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *