বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনস্থ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের একটি সরকারি জিপ গাড়ি কোনো ধরনের দরপত্র বা প্রকাশ্য বিজ্ঞাপন ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গাড়িটি স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী আবুল কাসেম ভান্ডারীর কাছে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কাসেম ভান্ডারী জানান, প্রায় এক মাস আগে তিনি তার এক পার্টনারসহ গাড়িটি ক্রয় করেছেন। তবে এখনো পর্যন্ত তাকে কোনো ধরনের বৈধ কাগজপত্র দেওয়া হয়নি। এ কারণে তিনি গাড়িটি অন্যত্র বিক্রি করতে পারছেন না বলেও জানান।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি দাবি করেন, আবুল কাসেম ভান্ডারী তার কাছে ওই জিপ গাড়িটি ৬০ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ে কর্মরত ক্লার্ক মনুষ কুমার দে অভিযোগ অস্বীকার করে বলেন, জিপ গাড়িটি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সম্পত্তি এবং এটি বিক্রি করা হয়নি। অফিসের পাশে পর্যাপ্ত জায়গা না থাকায় উপজেলা কর্মকর্তার নির্দেশে সাময়িকভাবে গাড়িটি আবুল কাসেম ভান্ডারীর ভাঙ্গারি দোকানে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের অফিসে গিয়ে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব জুলহাজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাড়ি বিক্রির বিষয়টি তার জানা নেই। যদি কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
সরকারি সম্পদ বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ না করার অভিযোগ অত্যন্ত গুরুতর। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।