পিন্টু শেখ:
ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক বাবুবাজার রোড দীর্ঘদিন ধরেই যানজট ও বিশৃঙ্খলার জন্য পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে লালবাগ ট্রাফিক বিভাগের টিআই আতিকুর রহমানের নেতৃত্বে এই এলাকায় শৃঙ্খলা ফেরাতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে। রাত-দিন নিরলস পরিশ্রম করে তিনি এবং তাঁর টিম যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন, যা পথচারী ও যানবাহন চালকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
গত গ্রীষ্ম মৌসুমে টিআই আতিকুর রহমান মানবিক উদ্যোগ হিসেবে সাধারণ পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেন। দায়িত্বের বাইরেও এমন উদ্যোগ তাকে সাধারণ মানুষের কাছে একজন মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে। তাঁর নেতৃত্বে দায়িত্ব পালনরত সার্জেন্ট ও কনস্টেবলরাও একইভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসী ও নিয়মিত পথচারীদের মতে, বাবুবাজার রোডে বর্তমানে আগের তুলনায় যানজট অনেকাংশে কমেছে এবং সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বেড়েছে। তারা মনে করেন, একজন সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তার প্রতি আস্থা রাখা হলে এই এলাকা ভবিষ্যতে সম্পূর্ণ যানজটমুক্ত ও নিরাপদ নগর এলাকায় পরিণত হতে পারে।
তবে সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল টিআই আতিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কিছু গণমাধ্যমে তাঁর বিরুদ্ধে নেতিবাচক সংবাদও প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, সৎ ও কর্মঠ একজন কর্মকর্তাকে অযথা হয়রানি না করে তাঁর কাজের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তাদের মতে, টিআই আতিকুর রহমানকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিলে ঢাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি আরও শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ হয়ে উঠবে।