মোঃ মাহমুদুল হাসান:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে বিএনপির ২২ জন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে মোবারকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মাওলানা কেরামত আলী বিএনপি কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারীরা বলেন, “জামায়াত একটি আদর্শিক রাজনৈতিক দল, যা সুষ্ঠু ও কল্যাণমুখী রাষ্ট্র পরিচালনায় সক্ষম। তাদের আদর্শ ও কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই আমরা জামায়াতে যোগদান করেছি।”
ড. মাওলানা কেরামত আলী তাঁর বক্তব্যে বলেন, “দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে তারা স্বেচ্ছায় জামায়াতে যোগদান করেছেন। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও ০৬ নং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেফাউল মূলক, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ সাদিকুল ইসলাম ও উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নানসহ মোবারকপুর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনসাধারণ।