বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় একদিনের রিমান্ডে আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। এদিন আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

এজাহারে বলা হয়েছে, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় কয়েকজন যাত্রী ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

অভিযোগে বলা হয়, ওই সময় আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন। এ সময় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আখতারুজ্জামান দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে জানা গেছে। এর আগে ২০২২ সালে বিএনপি তাকে পঞ্চমবারের মতো বহিষ্কার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *