বিমানের বহর বাড়াতে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার উদ্যোগ

অনলাইন ডেস্ক:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি বিমান কেনার চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) চলাকালে নিউইয়র্কে এ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার নিউইয়র্ক সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাট চুক্তিতে স্বাক্ষর করবেন। এরপর বোয়িংয়ের গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসেবে এই চুক্তি হতে যাচ্ছে। জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ভবিষ্যৎ বহর সম্প্রসারণে বোয়িংয়ের পাশাপাশি ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের সঙ্গেও আলোচনা চলছে। ১৬ সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ১১টি বোয়িংয়ের পর আরও ১০টি এয়ারবাস সংগ্রহের চুক্তিও হতে পারে।

অতিরিক্ত ১১টি বিমান গত এপ্রিলে বোয়িংয়ের সঙ্গে করা ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের ১৪টি বিমানের চুক্তির বাইরে হবে। ওই চুক্তিতে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ মডেলের বিমান অন্তর্ভুক্ত রয়েছে।

১১টি নতুন বিমানের মডেল, মূল্য, অর্থায়ন কাঠামো ও সরবরাহের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে ২০ সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচি পরিবর্তনযোগ্য এবং নতুন কর্মসূচি যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ইউএনজিএর সাইডলাইনে অতিরিক্ত বোয়িং চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব ধরনের সম্ভাবনাই খোলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *