নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এসব পরিবর্তন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পার্সোনেল শাখা থেকে পৃথক অফিস আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হয়েছে।
আদেশ অনুযায়ী, এয়ারপোর্ট সার্ভিসেসের মহাব্যবস্থাপক শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে মহাব্যবস্থাপক (জনসংযোগ) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে।
অন্যদিকে, মহাব্যবস্থাপক (গ্রাহকসেবা) ও অতিরিক্ত দায়িত্বে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে শাহনুর আহমেদ বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ ও গ্রাহকসেবা আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। বিমানের কার্যক্রম ও উন্নয়নের প্রয়োজনীয় ক্ষেত্রগুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। দায়িত্ব পালনে গণমাধ্যমের সঙ্গে সমন্বয় ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথা জানান।
অন্য এক অফিস আদেশে, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত মহাব্যবস্থাপক বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক ইকবাল আহমেদ আলিজাকে মহাব্যবস্থাপক (কার্গো) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্সোনেল বিভাগের উপমহাব্যবস্থাপক খন্দকার বাকী উদ্দিন আহমেদকে মূল দায়িত্বের পাশাপাশি ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
পোল্ট্রি কমপ্লেক্সের মহাব্যবস্থাপক এ এইচ এম শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জহুরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, বোয়িং ৭৮৭ উড়োজাহাজের ক্যাপ্টেন শেখ আব্বাস হোসেনকে মূল দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ মহাব্যবস্থাপক (পরিকল্পনা), করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
উপমহাব্যবস্থাপক (হিসাব) এম এম আরিফুর রহমানকে করপোরেট প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং পরিদপ্তরের উপমহাব্যবস্থাপক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিএফসিসির উপমহাব্যবস্থাপক এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে।