বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ইরান

স্পোর্টস ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি ইরানের। এই জটিলতা নিরসনে তুরস্কের ইস্তাম্বুলে ফিফা ও ইরান ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে। এর মধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইরান।

বিশ্বকাপের চূড়ান্ত দল হবে ২৬ সদস্যের। তবে প্রস্তুতি ক্যাম্পের জন্য অতিরিক্ত চারজনকে রেখে বড় স্কোয়াড ঘোষণা করেছে তারা।

সোমবার তুরস্কের উদ্দেশে রওনা দেবে ইরান দল। আন্তালিয়ায় তারা অনুশীলন ক্যাম্প করবে এবং দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে। অন্য ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। তুরস্কেই যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতাও সম্পন্ন করবে দলটি।

ঘোষিত স্কোয়াডে রয়েছেন ইরানের তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। তার সঙ্গে আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার আছেন, যাদের অনেকেই জাতীয় দলের হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। ফলে অভিজ্ঞ দল নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ইরান।

দল ঘোষণার পর হেড কোচ আমির গালেনোই বলেন, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ক্যাম্পের জন্য ৩০ জন ফুটবলার বাছাই করা তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্তগুলোর একটি ছিল।

স্কোয়াড নির্বাচন করতে গিয়ে বড় কিছু সিদ্ধান্তও নিতে হয়েছে তাকে। দেশের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুন জায়গা পাননি দলে। বাদ পড়েছেন বেলজিয়ান ক্লাবে খেলা আলাহিয়ার সায়াদমানেশ এবং তরুণ মিডফিল্ডার মোহাম্মদ জাভেদ হোসেনেজাদও।

বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে আরিজোনার টাকসনে ঘাঁটি গড়বে ইরান। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। একই শহরে দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে বেলজিয়ামের। এরপর সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে মিশরের বিপক্ষে।

ইরানের ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ।

রক্ষণভাগ: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।

মধ্যমাঠ: রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি।

আক্রমণভাগ: আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *