স্টাফ রিপোর্টার:
মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন খান “মজনু” নিজের উৎপাদিত বিষমুক্ত আম শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানের মুসল্লিদের মাঝে বিতরণ করেছেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব মোজাম্মেল হোসেন খান মজনুর তত্ত্বাবধানে এ আম বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন মোঃ বাপ্পি খান ও মোঃ হোসাইন খান। নিজ হাতে রোপণ করা গাছের পাকা আম এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানায় শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়।
যেসব প্রতিষ্ঠানে আম বিতরণ করা হয়, তার মধ্যে রয়েছে মকুমা জামিয়াতুস সাহাবা নুরানী ও হাফিজি মাদ্রাসা, মেলকারবাড়ি বাঁধঘাট জামে মসজিদ ও দারুল উলুম নূরানী মাদ্রাসা, এবং পশ্চিম কাঁকড়াবুনিয়া মোহেব্বিয়া ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানা। এসব প্রতিষ্ঠানে মোট শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক এ ফল বিতরণের সুবিধা গ্রহণ করেন।
বিতরণ কার্যক্রম শেষে স্থানীয়রা তার জন্য দোয়া করেন এবং তাকে ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন খান “মজনু” বলেন, নিজের হাতে উৎপাদিত ফল মানুষের মাঝে বিতরণ করতে পারা তার জন্য আনন্দের বিষয়। তিনি বলেন, আল্লাহর নেয়ামত মানুষের মাঝে ভাগ করে দেওয়ার মধ্যেই প্রকৃত শান্তি রয়েছে। তিনি সকলের কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ জনসম্পৃক্ততা ও সামাজিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।