ওয়াহিদ হোসেন:
ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী বলেছেন, প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেটে খালেদা জিয়ার নামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নবী উল্লাহ নবী বলেন, “বাংলাদেশের বিনির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। জাতি কখনোই তাদের অবদান ভুলবে না। খালেদা জিয়া ছিলেন একমাত্র আপসহীন গণমানুষের নেতা। তিনি মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা শুরু করেছিলেন, যা আজও দেশের শিক্ষাব্যবস্থার একটি বড় অর্জন হিসেবে গণ্য হয়।”
তিনি আরও বলেন, “সংকটময় পরিস্থিতিতেও তিনি নিজের জীবন বাজি রেখেছিলেন কিন্তু কখনো দেশ ছাড়েননি। সব সময় বলতেন, ‘আমি বাংলাদেশ ও দেশের মানুষকে কখনোই ছেড়ে যাবো না’। দীর্ঘ কারাবন্দি ও নির্যাতনের সময়ও তিনি কখনো আপস করেননি। এজন্যই তিনি বেঁচে থাকবেন সবার হৃদয়ে।”
মাহফিলের সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাশেম মোল্লা, ডেমরা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান, ডেমরা থানা বিএনপি নেতা আবদুস সালাম মোল্লা এবং ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলের ঐক্য ও নেতৃত্বের প্রতি জনমতের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়। নেতারা একমত হন, তার আদর্শ ও কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হবে।