বোয়ালখালীতে আগুনে পুড়ে গেল ৩ বসতঘর

প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী:

বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোয়ালসহ ৩টি বসতঘর। এ সময় গোয়ালঘরে থাকা ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। এতে আগুনে আরও একটি গরু আহত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমাতে যান। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ গোয়ালঘরে আগুন দেখতে পান। মুহূর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়। এতে ১০–১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নরেশ মেম্বারের বাড়ির বাসু চৌধুরী, যিশু চৌধুরীর মাটির বসতঘর এবং কৃষ্ণ কিশোরের গোয়ালঘরসহ বসতঘর পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা ৩টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। এতে আগুনে আরও একটি গরু আহত হয়েছে।

তিনি জানান, গোয়ালঘরে মশা তাড়াতে দেওয়া সাঁজাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *