ভাড়ার ভাংতি টাকা নিয়ে কথা কাটাকাটি, পিটুনিতে প্রাণ গেল অটোরিকশাচালক সোহেলের

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়ায় অটোরিকশার ভাড়ার ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে যাত্রীপক্ষের সঙ্গে মারামারির ঘটনায় সোহেল মিয়া নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঝলম বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল বরুড়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ভাড়া দেওয়ার সময় ভাংতি টাকা নিয়ে চালক সোহেলের সঙ্গে এক যাত্রীর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে যাত্রীর ভাইসহ দুই ভাই মিলে তাঁকে মারধর করেন। গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়া সোহেলকে উদ্ধার করে বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সাথি আক্তার অভিযোগ করেন, ভাড়ার ভাংতি টাকা নিয়ে যাত্রী তাঁর স্বামীর সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ওই যাত্রীর ভাইসহ দুজন মিলে তাঁর স্বামীকে মারধর করেন। তিনি বলেন, “আমার স্বামী মাটিতে পড়ে যাওয়ার পরও তাঁরা মারধর বন্ধ করেননি।”
আট মাসের একমাত্র সন্তান ও স্ত্রীকে রেখে সোহেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্ত্রী সাথি আক্তার স্বামীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে কথা-কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। পরে অসুস্থ চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত হোসাইন নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই সোহেলের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে, তরুণ অটোরিকশাচালকের এমন মৃত্যুতে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি আবারও সামান্য বিরোধ থেকে সহিংসতা ও প্রাণহানির ঝুঁকি তুলে ধরেছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত হোক এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *