সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। সোমবার রাত থেকে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে দেখা যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হলে এমপি নিজেই বিষয়টি নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যাখ্যা দেন।
গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে যান। সেখানে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে তারা অবস্থান করেন।
এমপির দাবি, সেখানে অবস্থানকালে তার গাড়িচালক এবং দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তারা কক্ষে প্রবেশ করেন এবং তাদের জিম্মি করে অর্থ দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, পারিবারিক বিরোধ ও ব্যক্তিস্বার্থের কারণে ওই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটিকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তিনি বলেন, তার ব্যক্তিগত গোপনীয়তা, সামাজিক মর্যাদা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান বলেন, ভিডিওটি ঢাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ থেকে ছড়িয়ে পড়েছে বলে তাদের ধারণা। তবে তার এ বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। তবে ভিডিওটির সত্যতা ও এর পেছনের ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।