ভূজপুর ইউপি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী খায়েরুর বশর

স্টাফ রিপোর্টার:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৪ নম্বর ভূজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জনাব আবুল খায়ের, যিনি খায়েরুর বশর নামেও পরিচিত।

আবুল খায়ের খায়েরুর বশর বর্তমানে পশ্চিম ভূজপুর সন্দীপনগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং ভূজপুর ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত বন্যায় ভূজপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হলে ২ নম্বর ওয়ার্ডের মুয়াজ্জিনপাড়া-চড়ারকুল সড়ক এবং রোসাইংগা ঘোনা উত্তর টিলার কাঁচা সড়কের সংস্কার ও মেরামতের কাজ নিজস্ব অর্থায়নে সম্পন্ন করেন আবুল খায়ের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব সড়ক সংস্কারের ফলে ওই এলাকার মানুষের চলাচলে কিছুটা স্বস্তি এসেছে। বিশেষ করে বন্যার পর ক্ষতিগ্রস্ত সড়কগুলো চলাচলের উপযোগী করতে ব্যক্তিগত উদ্যোগে কাজ করায় স্থানীয়দের মধ্যে তাঁর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকরা।

আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত ও একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন আবুল খায়ের খায়েরুর বশর। পাশাপাশি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

প্রার্থী আবুল খায়ের বলেন, জনগণের সমর্থন ও ভোটে নির্বাচিত হতে পারলে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে স্থানীয়দের সঙ্গে নিয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। নির্বাচনে বিজয়ী হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

আবুল খায়ের খায়েরুর বশর আসন্ন ইউপি নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *