স্টাফ রিপোর্টার:
ভোলার মনপুরা উপজেলায় দুর্ধর্ষ ছাত্রলীগ নেতা মেহেদীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন আব্দুর রব তালুকদার নামের এক ভুক্তভোগী। চাঁদাবাজির ঘটনাটি ঘটে মনপুরা উপজেলার মাস্টারহাট এলাকায়।
মামলাটি দায়ের করা হয় মনপুরা সিনিয়র জুডিশিয়াল আদালতে। মামলা নং– ৬৪/২৫ ইং। মনপুরা আদালত মামলাটি নথিভুক্ত করে আসামি মেহেদীকে কোর্টে তলব করেছেন।
ভুক্তভোগী মামলার নথিতে উল্লেখ করেন, ছাত্রলীগ নেতা মেহেদী সাংবাদিক পরিচয় দিয়ে মারাত্মক ভয়ভীতি প্রদর্শন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। আসামি ছাত্রলীগ নেতা মেহেদী মনপুরা উপজেলার আওয়ামী লীগ নেতা আমীর হাওলাদারের ছোট ভাই। তিনি মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির নজরুল ইসলামের ছোট ছেলে। আসামি মেহেদী মনপুরা উপজেলা ছাত্রলীগের কমিটিতে নেতৃত্ব দিয়েছেন।
এ ছাড়া আওয়ামী সরকারের আমলে এলাকায় প্রভাব খাটানো, দখলবাজি, টেন্ডারবাজি, কলেজ ক্যাম্পাসে মারামারি, চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ রয়েছে এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বর্তমানে এসব অপকর্ম আড়াল করতে তিনি বিভিন্ন জায়গায় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং মনপুরা উপজেলার স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া বর্তমানে আসামি ছাত্রলীগ নেতা মেহেদী মনপুরা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছেন বলেও জানা গেছে।
চাঁদাবাজির মামলার বিষয়ে ছাত্রলীগ নেতা মেহেদীর সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী আব্দুর রব তালুকদারের আইনজীবী অ্যাডভোকেট নিমাই চন্দ্র জানান, মামলাটি চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
ঘটনাটি নিয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। সঙ্গে থাকুন—আসছে দ্বিতীয় পর্ব।