মক্কাসহ সৌদির পাঁচ এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের পবিত্র নগরী মক্কাসহ দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রাথমিক সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এসব সতর্কতা জারি করা হয়।

সতর্কতার আওতায় ছিল পবিত্র মক্কা নগরী, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক, লোহিত সাগর উপকূলের জেদ্দা ও ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের তাইফ। সৌদি সিভিল ডিফেন্স সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে স্থানীয় বাসিন্দাদের সরকারি নির্দেশনা অনুসরণ করতে বলেছে।

সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত সতর্কবার্তায় বিপদের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে দেশটির বিভিন্ন এলাকায় এ ধরনের সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি সতর্কতার সঙ্গে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কার বিষয়টি সংশ্লিষ্ট হতে পারে। তবে বৃহস্পতিবারের সতর্কতার ক্ষেত্রে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এমন কোনো কারণ নিশ্চিত করেনি।

সতর্কতার সময় বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি সিভিল ডিফেন্সের নির্দেশনা মেনে চলতে বলা হয়। নিরাপদ স্থানে অবস্থান করা, খোলা জায়গা, জানালা, কাচ, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি বিপজ্জনক স্থানে ভিড় না করতে ও ছবি ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মক্কা ও জেদ্দার মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় সতর্কতা জারি হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। মক্কায় রয়েছে ইসলামের পবিত্রতম স্থানগুলো, আর জেদ্দা ও ইয়ানবু লোহিত সাগরের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর ও বন্দর।

এদিকে সতর্কতা জারির কিছু সময় পর মক্কা, তাইফ ও তাবুকসহ কয়েকটি এলাকায় বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেয় সৌদি সিভিল ডিফেন্স। তবে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক নিরাপত্তা সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে মক্কাসহ কয়েকটি এলাকায় সতর্কতার পর সম্ভাব্য হুমকির বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিটি সতর্কতার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *