মধুপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের মধুপুরে এক ওষুধ ব্যবসায়ীর কাছে বারবার চাঁদা দাবি, দোকানের কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এমন হয়রানি ও হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিকার চেয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম (এমপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
গত ৮ নভেম্বর (রোববার) দায়ের করা ওই লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন জামালপুর রোডে অবস্থিত ‘মধুপুর ড্রাগস’ (মেসার্স মধুপুর মডেল মেডিসিন সপ)-এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ওষুধের ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, মধুপুর পৌরসভার টেকীপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে রাসেল আহমেদ দলীয় পদ ও প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছেন।
লিখিত অভিযোগে ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম উল্লেখ করেন, অভিযুক্ত রাসেল আহমেদ ইতোমধ্যে বিভিন্ন সময়ে নানা কৌশলে এবং জোরপূর্বক তাঁর কাছ থেকে একাধিকবার চাঁদা আদায় করেছেন। নতুন করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিংবা নির্ধারিত সময়ে চাঁদার টাকা দিতে সামান্য বিলম্ব হলেই তাঁকে এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি দোকান বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, অভিযুক্ত ব্যক্তির এমন কর্মকাণ্ডের কারণে তিনি প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে ব্যবসা পরিচালনা করছেন। একদিকে ব্যবসাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে। দোকানের কর্মচারীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দলীয় পরিচয় ও প্রভাব ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করেন অভিযোগকারী। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাসেল আহমেদের বক্তব্য জানা যায়নি।
ভুক্তভোগী ওষুধ ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসলেও চাঁদা দাবি ও বিভিন্ন ধরনের হুমকির কারণে তিনি স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। একই সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের কর্মচারীরাও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় শান্তিপ্রিয় ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এ জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, মধুপুরের ব্যবসায়ী সমাজের নিরাপত্তা এবং স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, কোনো ব্যবসায়ী যেন চাঁদাবাজি, ভয়ভীতি কিংবা রাজনৈতিক প্রভাবের কারণে ব্যবসা পরিচালনায় বাধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী ও ব্যবসায়ীদের প্রত্যাশা, লিখিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।