মনপুরায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মেম্বারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং মনপুরা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিনের পিতা মো. আব্দুল হাই মেম্বার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে মনপুরা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শেষবিদায়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মনপুরা থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন, সহসভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, আইনবিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ প্রিন্স, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ও সদস্যসচিব মো. হাফিজ আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া মরহুমের আত্মীয়স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ এবং তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা শেষবিদায়ে অংশ নেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতাসংগ্রামে তাঁর অবদান এবং এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত ব্যক্তিরা।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *