মসজিদের কক্ষে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় একটি দড়ি পাওয়ায় তার মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ির বাইতুল মামুর জামে মসজিদ থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের প্রয়াত জব্বার মৃধার ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজ শেষে হাওলাদার বাড়ির মো. ইউসুফ হাওলাদার মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষে যান। সেখানে প্রবেশ করে তিনি সায়েমকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। এ সময় কক্ষের সিলিংয়ের সঙ্গে একটি দড়িও ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সায়েমকে উদ্ধার করে মসজিদের বারান্দায় নিয়ে যান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মো. ইউসুফ হাওলাদার বলেন, ‘আমি কক্ষে প্রবেশ করে দেখি মুয়াজ্জিন সাহেব পড়ে আছেন। এরপর আশপাশের লোকজনকে ডাকি। পরে তাকে বারান্দায় নিয়ে আসা হয়। তখন দেখি তিনি আর বেঁচে নেই।’

এদিকে কক্ষের সিলিংয়ে দড়ি পাওয়ায় স্থানীয়দের কেউ কেউ সায়েম আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন। তবে তার স্বজনরা এ ধারণা মানতে নারাজ। তাদের দাবি, সায়েমের মৃত্যু স্বাভাবিক নয় এবং এর পেছনে কোনো রহস্য থাকতে পারে।

এ কারণে সায়েমের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *