মাদকমুক্ত সমাজ গঠনে বরুড়ায় ঐক্যের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

একটি নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কুমিল্লার বরুড়া উপজেলার পূর্বপাড়া সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে সচেতন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎকে বিপন্ন করে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ঝলম কলেজের সহকারী অধ্যাপক মাসুদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, সমাজসেবক আলহাজ জুনাব আলী, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ফারুকুল ইসলাম এবং ‘ওরাই আপনজন’ সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস আহমদ

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগই একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, যুবসমাজ, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাসুম শরীফ ভূঁইয়া মাসুদ

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করার এবং তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সবার অভিমত, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকলে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বরুড়া গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *