মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল— এটা আশ্চর্যজনক’: সংসদে সাবিকুন্নাহারের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক ::

জাতীয় সংসদে খাদ্যে ভেজাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাবিকুন্নাহার বলেছেন, বাজারে মাদকে কোনো ভেজাল না থাকলেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের বিস্তার অত্যন্ত আশ্চর্যজনক। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনের বৈঠকে খাদ্যমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন রাখার সময় তিনি এ মন্তব্য করেন।

প্রশ্নোত্তর পর্বে সাবিকুন্নাহার বলেন, ফলের মৌসুমে বাজারে নানা ধরনের ফল পাওয়া গেলেও ফরমালিন ও অন্যান্য রাসায়নিক ব্যবহারের কারণে ক্রেতারা নিরাপদ ফল বেছে নিতে দ্বিধায় থাকেন। কোন ফলটি স্বাস্থ্যসম্মত আর কোনটি ভেজালমুক্ত— তা নির্ধারণ করাই কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে খাদ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ জানতে চান তিনি।

জবাবে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল একটি অত্যন্ত স্পর্শকাতর ও উদ্বেগজনক সমস্যা। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণে দেশে ক্যানসার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল অসুস্থতা বাড়ছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীও গভীরভাবে উদ্বিগ্ন।

মন্ত্রী জানান, সম্প্রতি মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে খাদ্যে ভেজাল প্রতিরোধে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, কমিটির প্রথম বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে ভেজালবিরোধী অভিযান জোরদার করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্যদ্রব্য সম্পূর্ণ ভেজালমুক্ত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *